ডিজাইন: ইমেজ চালু
রবিবার ১৯ এপ্রিল ২০২৬

দৈনিক সময়কাল

টাঙ্গাইল-১ আসনে ০৭ প্রার্থীর মনোনয়ন জমা, ভোটযুদ্ধে বাড়ছে উত্তাপ


সাইফুল ইসলাম, মধুপুর- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন দাখিলের শেষ দিনে জমে উঠেছে নির্বাচনী উত্তাপ। প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে আসনটিতে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিল করেছেন যাঁরা-

ফকির মাহবুব আনাম স্বপন – বিএনপির নির্বাহী কমিটির সদস্য (বিএনপি মনোনীত প্রার্থী), এডভোকেট মোহাম্মদ আলী – বিএনপির নির্বাহী সদস্য (দলীয় চিত্রের বাইরে বিদ্রোহী প্রার্থী হিসেবে), ডা. আব্দুল্লাহেল কাফি – জামায়াতে ইসলামী, হারুন অর রশীদ – ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইলিয়াস হোসেন – জাতীয় পার্টি, কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ – স্বতন্ত্র প্রার্থী, অধ্যাপক মোন্তাজ আলী – স্বতন্ত্র প্রার্থী

মনোনয়ন জমা দিতে এসে প্রার্থীরা গণমাধ্যমের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে শক্তিশালী হলেও এবার বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয়তা টাঙ্গাইল-১ আসনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে। যদিও বিদ্যমান পরিস্থিতিতে এবার আওয়ামীলীগের কোন প্রার্থী নেই, প্রতিদ্বন্দ্বীদের এই উপস্থিতি ভোটযুদ্ধে উত্তাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় ভোটাররা জানিয়েছেন, উন্নয়ন, কৃষি, বনসম্পদ রক্ষা, যুবকর্মসংস্থান, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং বনাঞ্চলঘেরা জনপদের পরিবেশগত ভারসাম্য রক্ষা—এ সকল ইস্যু নিয়েই প্রার্থীদের সামনে বড় চ্যালেঞ্জ থাকছে।

আগামী যাচাই-বাছাই, প্রার্থিতা চূড়ান্ত ঘোষণা এবং প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হলে টাঙ্গাইল-১ আসনে নির্বাচনী গণনা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয় ভোটারদের মন কে জিতে নেবে এই সাত প্রার্থীর মধ্যে।