সাইফুল ইসলাম, মধুপুর: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অজ্ঞাত একটি দ্রুতগামী পরিবহণের চাপায় আবু হানিফ আলী (৫৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার জলছত্র আশ্রয়ণ কেন্দ্র মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ আলী বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া দিগলবাইদ এলাকার মৃত ইয়াছিনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ভোরে জলছত্র বাজার মসজিদে ফজরের নামাজ আদায় শেষে হেঁটে বাড়ির পথে রওনা দেন আবু হানিফ। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগতির পরিবহণ তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পরিবহণটি পালিয়ে যায়।

অরনখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিমল চন্দ পাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত পরিবহণের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।